স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।

একই সময়ে নতুন করে ৭৪০ জন ডেঙ্গু রোগী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ। তাদের মধ্যে চারজনের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে, তিনজনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে এবং দুইজনের বয়স ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪১ হাজার ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।