রাজধানীর উত্তরায় গভীর রাতে ফুডপান্ডার এক ডেলিভারিম্যানকে চাপাতি দেখিয়ে মোবাইল-মানিব্যাগ কেড়ে নেওয়ার সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। উত্তরা ১১নং সেক্টরের ১৮নং রোডে সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা চাপাতিসহ একটি সাদা রংয়ের মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৪৬-২৪৭৯) চড়ে ছিনতাই কাজে অংশ নেয়। ছিনতাই চেষ্টায় জড়িত ওই তিন যুবক হল-শাকিল (২০), রায়হান হোসেন (২২) ও সজীব মিয়া (২৩)। এরা প্রত্যেকেই মোহাম্মদপুর ও উত্তরায় মেস ভাড়া করে থাকত।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের মানুষজন রাস্তায় বেরিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তারক্ষীরা তিনজনকেই ধরে ফেলে।
পরে টহল পুলিশ এসে ছিনতাইকারীদের নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী আকাশ ফকির বাদী হয়ে উত্তরা-পশ্চিম থানায় মামলা করেছেন। মামলার আইও এসআই অমল কুমার বলেন, জড়িতরা প্রত্যেকেই ছিনতাই চক্রের সদস্য।
পুলিশ জানায়, ঘটনার আগের রাতেও সেক্টরের ১১ নম্বর রোড থেকে দুজনকে আটক করা হয়। তারাও একই কায়দায় মোটরসাইকেলে চড়ে ছিনতাই করছিল।
সূত্রঃ যুগান্তর







