উত্তরায় সমন্বয়ক পরিচয়ে

উত্তরায় ছাত্র সমন্বয়কের পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে জড়িত মোঃ আসাদুর রহমান আকাশ এবং তার সহযোগীদের সেনাবাহিনী গ্রেফতার করেছে।

দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড দমন ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

এই ধারাবাহিকতায়, শনিবার (০৪ অক্টোবর ২০২৫) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে লিপ্ত কিশোর গ্যাং-এর প্রধান আসাদুর রহমান আকাশ (২৪) ও তার সহযোগী ফরিদ উদ্দিন (২৬) এবং রবিন (২৫)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনারও অভিযোগ রয়েছে।

বর্তমানে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

— নিজস্ব প্রতিবেদক