রাজধানী উত্তরায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ডাকাতি করে নিয়ে যায়। গাড়িটি বুথে টাকা ঢুকাতে ঢাকা থেকে সাভার ইপিজেডে যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষের দাবি-ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।
বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেড এলাকার ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।







