ঈদযাত্রা
banner

১৭ এপ্রিল থেকে ট্রেনযোগে ঈদযাত্রার প্রথম তিনদিন যাত্রীর তেমন ভিড় দেখা না গেলেও ভিড় বেড়েছে বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে।

আর আজ শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকেই ঈদযাত্রায় কমলাপুরমুখী হতে দেখা গেছে রাজধানীর হাজার হাজার মানুষকে।

ঈদযাত্রার শেষদিন হওয়ায় এ দিন ভোর থেকেই যাত্রীর চাপ তৈরি হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ধূমকেতু ও নীলসাগর এক্সপ্রেসের ছাদেও দেখা গেছে যাত্রী।

যাত্রীর চাপ বাড়লেও টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করে স্টেশনে প্রবেশ করছেন।

অন্যদিকে যাত্রীর নিরাপত্তায় র‌্যাব-পুলিশের সঙ্গে রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কমলাপুর স্টেশন ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, এদিন প্রতিটি যাত্রীকে টিকিট থাকা সাপেক্ষে স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। আর যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করছেন। যদিও স্ট্যান্ডিং টিকিট নির্দিষ্ট হওয়ায় অনেকেই সংগ্রহ করতে পারছেন না।

ট্রেন যাত্রার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেয়া হয়। তবে নিদিষ্ট আসনের শতকরা ২৫ ভাগ টিকিটের বেশি বিক্রি করা হচ্ছে না। এতে অনেকেই টিকিট কাটতে না পেরে স্টেশন ত্যাগ করছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, আজ শেষ দিন হওয়ায় যাত্রীর চাপ বেশি। তবে চাপ থাকলে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন। এখন পর্যন্ত আমাদের ট্রেন সময়মতো ছেড়েছে। এতে যাত্রীরাও খুশি।

সূত্রঃ ভোরের কাগজ