আরাফাত মহসীন নিধি, সাংস্কৃতিক পরিবারে যার জন্ম এবং বেড়ে উঠা। ছোট বেলা থেকেই বাবা শামসুজ্জামান আকন্দ সাজন এবং মা মাহমুদা আপন এর সাংস্কৃতিক সংগঠন উত্তরসূরীর নানা অনুষ্ঠান দেখে বড় হয়েছেন, ছোট্ট শিল্পী হিসেবে অনেক অনুষ্ঠানে অংশগ্রহণও করেছিলেন নিধি। সেটাই শুরু, এখন নিধি একজন জনপ্রিয় সংগীত পরিচালক।
শুধু তাই নয়, এটা অনেকেরই হয়তো অজানা আরাফাত মহসীন নিধির নানা আব্দুস সবুর বাংলাদেশের একজন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ছিলেন, তিনি ৫বার জাতীয় পুরস্কার পেয়েছেন, ৩৮বছর কাজ করেছেন এফডিসিতে। তিনি শিল্পী জয়নুল আবেদীন আর্ট কলেজের প্রথম ক্লাসের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন।
যার পরিবার সংস্কৃতিমনা সে তো সংস্কৃতি অঙ্গনে সফল অবস্থান তৈরীর স্বপ্ন দেখতেই পারেন। হ্যা আরাফাত মহসীন নিধি এখন শোবিজ অঙ্গনে একটি বহুগুনে গুনান্বিত একজন ব্যাক্তি। সংগীত পরিচালক, বিজ্ঞাপনের জিঙ্গেল, নাটক সিনেমার আবহ সংগীত এবং গেয়েছেন অসংখ্য গান, দর্শকমহলে প্রশংসিত ও আলোচিত হয়েছেন। এখানেই শেষ নয়, নিধি নির্মাণ করেছেন বিজ্ঞাপন এবং নাটকও।

সম্প্রতি আবারও পরিচালনায় ফিরেছেন তরুণ জনপ্রিয় এ সঙ্গীত পরিচালক। নির্মাণ করেছেন একটি বিজ্ঞাপন। সিনকাট পিকচার্সের ব্যানারে, এফসি বিটপি এজেন্সির নির্মিত এ বিজ্ঞাপনে মডেল হয়েছেন সাবা চৌধুরী। রাজধানীর একটি লোকেশনে এর শুটিং শেষ হয় গতকাল বুধবার। শিগগিরই এটি প্রচারে আসবে।
আরাফাত মহসীন জানান, প্রায় ১০ বছর পর নির্মাণে ফিরেছেন তিনি। এর আগে সর্বশেষ ২০১২ সালে তিনি নির্মাণ করেছিলেন নাটক ‘জোনাক পোকা’। এছাড়াও এরমধ্যে তিনি বেশকিছু বিজ্ঞাপনও নির্মাণ করেন।
তিনি বলেন, অনেকদিন পর পরিচালনায় ফিরেছি। এরমধ্যে অনেক কিছু করার সুযোগ থাকলেও ব্যাটে-বলে মেলেনি বলে কাজ করা হয়নি। এছাড়া গান এবং নিজের প্রোডাকশন হাউজ নিয়ে ব্যস্ততা তো ছিলোই, যার কারণে হয়ে উঠেনি।

ছোটবেলা থেকেই আমার ইচ্ছা সিনেমা নির্মাণের। নির্মাণের প্রতি আমার ঝোঁকটা বেশি ছিলো। যার কারণে এই রিলেটেড কোন কিছুর সঙ্গে সংযুক্ত থাকতে চেয়েছিলাম। গান এবং আর্টের প্রতি ভালোবাসা থাকার কারণে সেগুলোতেই সময় দিয়েছি বেশি। একটু একটু করে সবকিছুই আয়ত্তে আনার চেষ্টা করি। আমার কাছে মনে হয়েছে ফিল্ম মেকিংয়ের জন্য মিউজিক সেন্সটাও গুরুত্বপূর্ণ, এই দুটোকে ব্লেন্ড করতে পারলে ভালো হবে। তাই আগে গানে ঢুকে যাই।
তিনি বলেন, গান আমার সবকিছু হলেও আমার স্বপ্ন সিনেমা বানাবো। ওই জায়গা থেকে নির্মাণেও যুক্ত থাকা। নাটক করেছি, বিজ্ঞাপন পরিচালনা করেছি। অসংখ্য বিজ্ঞাপনে জিঙ্গেল করেছি, আবহ সঙ্গীত করেছি।
২০১৫ সালে মুক্তি পাওয়া রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ দিয়ে সিনেমার সংগীত পরিচালক হিসেবেও অভিষেক ঘটে তার। সেই সিনেমার আবহ সংগীতের পাশাপাশি তিনটি গানের সবগুলোরই সুর ও সংগীত পরিচালনা করেন নিধি। অর্ণব, মমতাজ ও তাহসানের গাওয়া সেই গানগুলোর জন্য শ্রোতাদের প্রশংসাও কুড়ান।
মুক্তির অপেক্ষায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘দামাল’। সিনেমাটির আবহ সংগীতের পাশাপাশি চারটি মৌলিক গানের সবগুলোরই সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, প্রীতম হাসান, ইমরান ও কনা এবং সাকিব চৌধুরী ও ঐশী। সবগুলো গানেরই কথা লিখেছেন রাসেল মাহমুদ। এছাড়া এই সিনেমায় নিধির সংগীতায়োজনে একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
আরাফাত মহসীন জানান, খুব শিগগিরই তার নতুন গানের অ্যালবাম আসতে যাচ্ছে। যেখানে রয়েছে বেশকিছু চমকপ্রদ গান।
তথ্য সূত্রঃ বিডিজার্নাল







