Home অপরাধ অনলাইন জুয়া: উল্কা গেমসের সিইও জামিলুর সহ আটক ৬

অনলাইন জুয়া: উল্কা গেমসের সিইও জামিলুর সহ আটক ৬

116
0
উল্কা গেমসের সিইও জামিলুর সহ আটক ৬
ছবিঃ সংগৃহীত

গেমসের নামে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে উল্কা গেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামিলুর রশিদসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব।

আটক অন্যরা হলেন—সায়মন হোসেন, রিদোয়ান আহমেদ, রাকিবুল আলম, মুনতাকিম আহমেদ ও কায়েস উদ্দিন আহমেদ।রবিবার (৩০ অক্টোবর) রাজধানীর মহাখালী ও উত্তরা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, সিপিইউ, সার্ভার স্টেশন, হার্ড ডিস্ক, স্ক্যানার, ডিভিডি ড্রাইভ, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেভিট ও ক্রেডিট কার্ড এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও নগদ টাকাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা অনলাইন গেমসের অনুমোদন নিয়ে অবৈধভাবে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল।

সোমবার দুপুরে (৩১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, আটককৃতরা তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি র‌্যাব তথ্য পায়, কিছু ব্যক্তি দেশে গেমিং ডেভেলপমেন্টের নামে বিদেশি বিনিয়োগ প্রাপ্তির আড়ালে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাঠাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সাইবার নজরদারি বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় রবিবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৪-এর অভিযানে তাদের আটক করা হয়।

খন্দকার আল মঈন বলেন, ভার্চুয়াল চিপস অর্থের বিনিময়ে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়। মূলত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চিপস বিক্রয়ের টাকা ডিস্ট্রিবিউটরদের থেকে সংগ্রহ করা হতো। বর্তমানে উল্কা গেমসের ৪টি অ্যাকাউন্টে প্রায় ৮০ কোটির অধিক টাকা রয়েছে।

এ ছাড়া গত দুই বছর তারা মুনফ্রগ ল্যাবকে ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি টাকা প্রদান করেছে। উল্কা গেমসের মোট ৩৬ জন কর্মকর্তা-কর্মচারী ছিল। বেতন প্রদানসহ অফিস পরিচালনায় প্রতি মাসে প্রায় ৩০ লাখ টাকা খরচ হতো। প্রতিষ্ঠানটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বাইরে অনলাইন জুয়ার অর্থ প্রেরণ করত।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ