Home আমার ঢাকা রাজধানীতে বাড়ছে মোবাইল চুরি ও ছিনতাই, অসহায় ভুক্তভোগীরা

রাজধানীতে বাড়ছে মোবাইল চুরি ও ছিনতাই, অসহায় ভুক্তভোগীরা

প্রতি মাসে গড়ে ১১ হাজার মোবাইল হারাচ্ছে ঢাকায়; থানায় নেই আধুনিক ট্র্যাকিং প্রযুক্তি, পুলিশের সীমাবদ্ধতায় উদ্ধার অনিশ্চিত

297
0
মোবাইল চুরি ও ছিনতাই

রাজধানী ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে পকেটমার, মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা। পুলিশের প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং অপরাধ দমনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নাগরিক নিরাপত্তা এখন প্রশ্নবিদ্ধ।

সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে মিরপুর এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল চুরি হওয়ার ঘটনা পুনরায় এই সমস্যাকে সামনে নিয়ে এসেছে।

ভুক্তভোগী মাহাদি মোহাম্মদ, মিরপুর এলাকার বাসিন্দা ও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তিনি জানান, মিরপুর-১১ বাসস্ট্যান্ড থেকে লোকাল বাসে উঠার কিছুক্ষণ পরই বুঝতে পারেন, তার পকেট থেকে সদ্য কেনা শাওমি পোকো এক্স৭ মডেলের মোবাইল ফোনটি উধাও।

মোবাইল চুরি ও ছিনতাই

চুরি যাওয়া ফোনটির মূল্য ছিল প্রায় ২৮,০০০ টাকা, যা তিনি চলতি বছরের মে মাসে ক্রয় করেন।

ভুক্তভোগীর বর্ণনায় ঘটনার বিবরণ

মাহাদি বলেন,

“আমি সকাল ৯টার দিকে মিরপুর-১১ থেকে মিরপুর-১০ এর উদ্দেশ্যে লোকাল বাসে উঠি। কিছুক্ষণ পর দেখি আমার পকেট খালি। দেখি ২–৩ জন লোক নেমে যাচ্ছে, আমি চিৎকার করে বাস থামাতে বলি, কিন্তু ট্রাফিকের ভয়ে বাসচালক দাঁড়ায়নি। পরে আমি নেমে ১০ মিনিট ধরে খোঁজাখুঁজি করি কিন্তু পাইনি। এরপর পল্লবী থানায় গিয়ে একটি সাধারণ জিডি করি।”

পুলিশের সীমাবদ্ধতা ও বাস্তবতা

তদন্ত সূত্রে জানা গেছে, থানার পর্যায়ে এখনো মোবাইল লোকেশন ট্র্যাকিং বা সিম শনাক্তকরণ প্রযুক্তি নেই। ফলে চোরাই মোবাইল উদ্ধার প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

এক পুলিশ কর্মকর্তা জানান,

“পুলিশের নিজস্ব প্রযুক্তি ও জনবল ঘাটতি রয়েছে। মোবাইল উদ্ধারের জন্য অতিরিক্ত প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।”

উদ্বেগজনক পরিসংখ্যান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্যমতে,
রাজধানীতে প্রতি মাসে গড়ে ১১ হাজারের বেশি মোবাইল ফোন চুরি, ছিনতাই বা হারিয়ে যায়।
অধিকাংশ ক্ষেত্রেই এসব ফোন আর উদ্ধার করা সম্ভব হয় না।

নাগরিকদের দাবি

নগরবাসীর দাবি—
পাবলিক বাসে সিসিটিভি স্থাপন
পুলিশি টহল বৃদ্ধি
মোবাইল ট্র্যাকিংয়ে আধুনিক প্রযুক্তি সংযোজন

এগুলো বাস্তবায়ন হলে নগরজীবনে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদক : রিজভী মাহমুদ