গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
ছবিঃ সংগৃহীত
banner

মানসম্মত সেবা দিতে না পারায় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিম বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানটি।

বুধবার (২৯ জুন) রাতে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা মানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে পারছে না। এ কারণেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপারেটরটি (গ্রামীণফোন) সিম বিক্রি করতে পারবে না।

এদিন দুপুরে বিষয়টি অনুমোদনের পর গ্রামীণফোনের কাছে তা নির্দেশনা হিসেবে পাঠায় বিটিআরসি। গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলেই কেবল অপারেটরটি সিম বিক্রি করতে পারবে।

এদিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞার বিষয়ে গণমাধ্যমকে বলেন, অনেক চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ আমরা নিতে দেখিনি। তারা গ্রাহক বাড়াবে কিন্তু সেবার মান বাড়াবে না- এটা হতে দেয়া যায় না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন তাদের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।

বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত মে মাস পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।

সর্বশেষ গত ৩১ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত ফাইভজির তরঙ্গ নিলামে অংশ নেয় গ্রামীণফোন। নিলামে ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে সর্বোচ্চ বরাদ্দ ৬০ মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয় প্রতিষ্ঠানটি।

যদিও বাকি অপারেটরদের মতো গ্রামীণফোনও নতুন বরাদ্দ পাওয়া তরঙ্গ ব্যবহার করতে পারছে না। আগামী ডিসেম্বর থেকে অপারেটরগুলো তরঙ্গ ব্যবহার করতে পারবে বলে জানা গেছে।

সূত্রঃ ইত্তেফাক