বিডিআর হত্যাকাণ্ডের সাক্ষী না হওয়ায় আসামি করা হয়েছে শত শত কর্মকর্তাকে। এমন দাবি করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শাহবাগে সমাবেশ থেকে স্বজনরা দাবি করেন, দ্রুত দোষীদের বিচারের আওতায় এনে নিরপরাধ ব্যক্তিদের জামিন দেওয়া হোক।
১৬ বছর বাবার আদর থেকে বঞ্চিত সুরাইয়া শরীফ বৃষ্টি। তার প্রশ্ন ছিল, তার বাবার অপরাধ কী ছিল? তার মতো শত শত পরিবার বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার দরবার হলে চালনো হয় নৃশংস হত্যাকাণ্ড। প্রাণ হারান ৫৭ কর্মকর্তাসহ ৭৪ জন। সুষ্ঠু বিচারের দাবিতে গত এক মাসব্যাপী আন্দোলন করে যাচ্ছেন ভুক্তভোগীরা। রাজধানীর শাহবাগে সমাবেশ থেকে বন্দিদের মুক্তির দাবি তোলেন তারা।
তাদের দাবি, ঘটনার সাথে জড়িত না থাকা সত্ত্বেও প্রায় ৮০০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী এখনো কারাগারে বন্দি রয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিডিআর হত্যাকাণ্ডের জামিন শুনানির কথা রয়েছে। স্বজনদের দাবি, প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে দ্রুত জামিন ও চাকরি পুনর্বহাল করা হোক।







