Home বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

159
0

বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে মহান এই নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।  এ সময় নগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন থানা, ওয়ার্ড ও ইউনিট নেতা-কর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী আজ।  দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবেও উদ্‌যাপিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা ও পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন।
তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে।  বঙ্গবন্ধু একাত্তরের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রার এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে, ২৬শে মার্চ (২৫শে মার্চ মধ্যরাতে) তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তার নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালির বহু আকাঙ্ক্ষিত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়। ’