Home ক্যাম্পাস ও শিক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু, নভেম্বরে এইচএসসি

১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু, নভেম্বরে এইচএসসি

193
0
ফাইল ছবি।

বন্যার কারণে স্থগিত হয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। রবিবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। এতে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এ অবস্থায় পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হল।

এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এখনও আশ্রয়কেন্দ্র হিসেবে আছে। কোথাও কোথাও শিক্ষার্থীরা এখনও বাড়িতে ফিরতে পারেনি। কতজন পরীক্ষার্থীর বইপত্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষার্থীদের হাতে বইগুলো পৌঁছানোর পর অন্তত দুই সপ্তাহ প্রস্তুতির জন্য সময় দিতে হবে। তারপর এসএসসি পরীক্ষা নেওয়া যাবে।