রাজশাহী মহানগর এলাকায় ‘হট অফারের’ নামে মিথ্যা ও অসত্য বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে সিঙ্গারের তিনটি শোরুমকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।
অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, নগরীর লক্ষীপুর এলাকার সিঙ্গার শোরুমে ‘HOT OFFER’ নামে একটি ক্যাম্পেইন চালাচ্ছে তারা। কিন্তু কোন পণ্যে কতটুকু অফার সেটা উল্লেখ নেই। একই ফ্রিজে তিন রকম মূল্য দেয়া রয়েছে। ৫ হাজার টাকা ছাড়ের কথা থাকলেও সেটা দেয়া হচ্ছে না। এমন অভিযোগে শোরুমটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সিঙ্গারের গ্রেটার রোড শোরুমে আভিযানিক দলটি দোকানে প্রবেশের সঙ্গে সঙ্গেই অফার সংক্রান্ত স্টিকার তুলে ফেলতে দেখেন। হাতেনাতে বিষয়টি ধরা পড়ে। ২৮ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেয়ার কথা থাকলেও সেই পণ্য নাই। কিন্তু অফার সংক্রান্ত স্টিকার লাগিয়ে রেখেছে তারা। এমন অভিযোগে জরিমানা ৫০ হাজার টাকা।
সিঙ্গারের সাহেব বাজার শোরুমে আগে থেকে খবর পেয়ে মিথ্যে বিজ্ঞাপনের অফার সংক্রান্ত সকল স্টিকার তুলে ময়লার ঝুড়িতে রাখে। পণ্যের গায়ে লেখা আছে ১ হাজার টাকা ডিসকাউন্ট, কিন্তু সেটির সত্যতা মেলেনি। এ শোরুমকে জরিমানা করা হয় ২০ হাজার টাকা। সর্বসাকুল্যে তিনটি আউটলেটকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাসান-আল মারুফ জানান, সিঙ্গারের রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ের শোরুমকে ৫০ হাজার টাকা, কাদিরগঞ্জ গ্রেটার রোডের শোরুমকে ৫০ হাজার এবং সাহেববাজারের শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।
সূত্রঃ চ্যানেল ২৪







