Home বাংলাদেশ “শুধু একাত্তর নয়, সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত-ভুল হয়ে থাকলে শর্তহীন ক্ষমা চাইছে...

“শুধু একাত্তর নয়, সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত-ভুল হয়ে থাকলে শর্তহীন ক্ষমা চাইছে জামায়াত”

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, “আমরা মানুষ, ভুল হতেই পারে; যে ভুলে জাতির ক্ষতি হয়েছে, তার জন্য বিনা শর্তে মাফ চাইছি।”

472
0
শুধু একাত্তর নয়, সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত
ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত দলের দ্বারা কোনো ভুল হয়ে থাকলে বা কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য তিনি এবং তার দল নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি জামায়াতের অতীত ভূমিকা, ভুল সিদ্ধান্ত, ও বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন।

একাত্তরের প্রসঙ্গ ও ‘ভুল স্বীকার’

শফিকুর রহমান বলেন,

“জামায়াতের প্রসঙ্গ উঠলেই একাত্তরের কথা আসে। সত্যি বলতে, একাত্তরে জামায়াতের ভূমিকা ছিল। আমরা তখন ভেবেছিলাম পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখা উচিত। আওয়ামী লীগের অনেক নেতা তখন পাকিস্তান সরকারের অধীনে চাকরি করেছেন, রেশন নিয়েছেন, সুবিধাও পেয়েছেন—আমাদের এতে আপত্তি নেই। কিন্তু ১৫ ডিসেম্বরের পর সবকিছু পাল্টে যায়।”

তিনি আরও বলেন,

“তখনকার জনপ্রত্যাশা ছিল স্বাধীন বাংলাদেশ। জামায়াত সেটাকে সম্মান করেনি—এটা একটা যৌক্তিক প্রশ্ন। আমাদের তখনকার নেতারা কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা তারাই ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয়, স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল।”

‘তিনবার ক্ষমা চেয়েছি’ — জামায়াত আমির

জামায়াত আমির দাবি করেন, দলটি ইতিপূর্বে একাধিকবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে।
তিনি বলেন,

“অনেকে বলেন, আপনারা রাজনৈতিকভাবে ভুল করেছেন—তাহলে ক্ষমা চান। আমরা কমপক্ষে তিনবার ক্ষমা চেয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব চেয়েছেন, মাওলানা মতিউর রহমান সাহেব চেয়েছেন, আমিও চেয়েছি।”

তিনি জানান, সম্প্রতি এটিএম আজহারুল ইসলাম জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবারও প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন—

“আমি তখন বলেছি, শুধু একাত্তর না, সাতচল্লিশ থেকে শুরু করে জামায়াতে ইসলামীর কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হলে, আমি দলের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

‘আমরা মানুষ, ভুল হতেই পারে’

শফিকুর রহমান বলেন,

“আমরা মানুষ, ভুল করতেই পারি। আমাদের শত সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্তও যদি বেঠিক হয়ে জাতির ক্ষতি করে থাকে, তাহলে সেই ভুলের জন্য ক্ষমা চাইতে কোনো লজ্জা নেই। আজ আবারও বলছি—সাতচল্লিশ থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি ও আমার দল নিঃশর্তভাবে ক্ষমা চাইছি।”

তিনি আরও যোগ করেন,

“আমরা কখনও বলিনি যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দলই ভুলমুক্ত নয়। যে ভুলগুলো শুধরে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

শেষ কথা: “আমাদের বক্তব্য স্পষ্ট ও জোরালো”

নিজের বক্তব্যের সারসংক্ষেপে জামায়াত আমির বলেন,

“আমাদের জানা–অজানা যত ভুল হয়েছে, তার সংশোধনকারীদের ধন্যবাদ জানাই। আর যাদের কষ্ট পেয়েছেন, তাদের কাছে ক্ষমা চাই। এটি খুবই স্পষ্ট ও জোরালো—This is very clear and loud।”

— নিউজ ডেস্ক