রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ের সামনে মোবাইল ব্যবসায়ী ও দোকান মালিকরা আজ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন।

মোবাইল ফোনে ভ্যাট বৃদ্ধি, নতুন রেজিস্ট্রেশন নিয়ম এবং বাজারে কড়াকড়ির কারণে তাদের ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়ছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

বুধবার সকাল থেকে বেতার ভবন–সংলগ্ন সড়কে শতাধিক ব্যবসায়ী জড়ো হয়ে মোবাইল ডিভাইসে বাড়তি কর প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, নতুন ভ্যাট–নীতি ও কঠোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কার্যকর হলে ক্রেতাদের জন্য মোবাইলের দাম বেড়ে যাবে এবং ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে।

বিক্ষোভকারীদের একাংশ জানান, বিদেশি মোবাইল আমদানি, খুচরা বিক্রি ও মেরামত–সংশ্লিষ্ট দোকানগুলো নতুন ভ্যাট কাঠামোতে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তাদের দাবি, “মোবাইল বাজারকে সচল রাখতে ভ্যাট কমানো এবং নীতিমালা সহজ করা এখন সময়ের দাবি।”

বিক্ষোভের কারণে আগারগাঁও–এর সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ব্যবসায়ীরা জানান, দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ।

প্রতিবেদক : রিজভী মাহমুদ, ইনিউজ আপ ডট কম।