মেট্রোরেল বিশ্ব ইজতেমা
banner

আগামী ২৯ অক্টোবর দেশের প্রথম মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল এই তিনটি স্টেশন চালু করা হবে। পরবর্তীতে চতুর্থ স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু করা হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। কিন্তু এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাইনি। এরপর আগামী তিন মাসের মধ্যে আগারগাঁও-মতিঝিল অংশের সাতটি স্টেশন চালু করব।’

তিনি জানান, শুরুতে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। তিন মাস পর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানো হবে।

ঢাকার প্রথম এই মেট্রোরেলের রুট উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন শুরু হয় যাত্রী পরিবহন।

প্রথম দিন কেবল দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশন চালু হয়। পরে ধীরে ধীরে ৩০ মার্চের মধ্যে এই পথের ৯টি স্টেশনই চালু হয়।

সূত্রঃ ইত্তেফাক