Home আমার ঢাকা নিউমার্কেট সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মোরসালিন

নিউমার্কেট সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মোরসালিন

180
0

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় আহত মোরসালিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি একটি দোকানের কর্মচারী ছিলেন। এই সংঘর্ষে গতকাল মৃত্যু হয়েছে নাহিদ নামের এক কুরিয়ার সার্ভিস কর্মীর।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

মোরসালিন নিউ মার্কেটে একটি রেডিমেট দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। মঙ্গলবার সকালে সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে মারা যান। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। এছাড়া ঢাকা কলেজের এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে।

গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ।

মঙ্গলবার সকালে আবারও একই সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। ছাত্রদের অনেকে হেলমেট পরে এবং লাঠি হাতে নিয়ে সংঘর্ষে জড়ান। ব্যবসায়ী-কর্মচারীরাও লাঠিসোটা ও লোহার রড নিয়ে ছাত্রদের ওপর হামলা চালানো শুরু করেন।

সূত্রঃ একুশে টিভি