গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার বিকাল ৫টার দিকে মাইশা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হাসপাতালটির জরুরি বিভাগের ডাক্তার হাসান ও নার্স তানিয়াকে আটক করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার এএসআই আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার প্রস্তুতি চলছে।
এর আগে শিশুটির স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালাতে চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুর নাম লোকনাথ। সে টঙ্গীর পাগাড় এলাকার হরেন চন্দ্র বর্মণের ছেলে।
রোববার বিকেলে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে লোকনাথকে নিয়ে তার মা আসেন ওই হাসপাতালে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। এ সময় প্রায় দুই ঘণ্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে বিকেল ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়। মৃত্যুর খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা হাসপাতালে ভিড় জমায়।
শিশুটির মা বেবি বর্মণ বলেন, ‘আমার ছেলের শ্বাসকষ্ট হচ্ছিল। বিকেল ৩টায় হাসপাতালে ভর্তি করেও কোনো চিকিৎসা দেয়নি। শুধু বলেন, ডাক্তার আসছেন। আমি মামলা করব।’
হাসপাতালের পরিচালক ডা. মতিউর রহমান বলেন, ‘এটা আমাদের কোনো ভুল নয়। আমরা অক্সিজেন দিয়েছিলাম। শিশু বিশেষজ্ঞ আসার আগেই শিশুটির মৃত্যু হয়।’
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’
সূত্রঃ কালবেলা







