উল্টোপথের মোটরসাইকেল আটকানোয় পুলিশের ওপর হামলা
ছবিঃ সংগৃহীত

উল্টো দিক দিয়ে আসা মোটরসাইকেল আরোহীর কাগজপত্র দেখতে চাওয়া নিয়ে স্থানীয়দের হামলায় ট্রাফিক পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) সকালে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, সার্জেন্ট আলী হোসেন, ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার এএসআই উৎপল চন্দ্র। এদের মধ্যে আলী হোসেনের হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখারুল আলম জানান, সকাল ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় উল্টোপথে আসা একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন।

এ সময় মোটরসাইকেলচালক অত্যন্ত দুর্ব্যবহার শুরু করেন।পরে দুজনকে পুলিশ বক্সের নেওয়া হলে মোটরসাইকেল আরোহী নারী উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তখন আশপাশের লোকজন নারী লাঞ্ছনার অভিযোগ তুলে সার্জেন্টকে মারধর করে। এক পর্যায়ে তারা পুলিশ বক্স গুড়িয়ে ভেঙে দেয়। এ সময় সার্জেন্টকে উদ্ধারে আসা অন্য দুই পুলিশ সদস্য আহত হন। পরে শ্যামপুর থানা পুলিশ খবর পেয়ে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে তাদের উদ্ধার করে।

তিনি আরও জানান, মোটরসাইকেল চালক মো. রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশাত ভূইয়া ও শ্যালক ইয়াসির আরাফাত ভূইয়াকে আটক করা হয়েছে।

সূত্রঃ ইত্তেফাক