৬ দফার লংমার্চ

জনআকাঙ্ক্ষা পূরণে সরকার কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে চলমান ৬ দফার আন্দোলন এক দফার একদফা দাবিতে রূপান্তরিত হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরুর ঠিক পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন- ‘সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎ নাই, পেটে ভাতও নাই’

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দেশের ১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার আদায়ে জামায়াত ও তাদের রাজনৈতিক সহযোগীরা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। সাধারণ মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হলে জনগণ তা কখনোই মেনে নেবে না।

তিনি আরও জানান, সম্পূর্ণ জনস্বার্থ কেন্দ্র করেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। মূলত ৬টি সুনির্দিষ্ট লক্ষ্য আদায়ে এই লংমার্চ পরিচালিত হচ্ছে:

  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা।
  • জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা।
  • চলমান জ্বালানি ও সার সংকট নিরসন করা।
  • নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের নাগালের মধ্যে রাখা।
  • দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটানো।
  • প্রশাসনের সকল স্তরকে দলীয় প্রভাব মুক্ত করা।

সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিয়ে জামায়াত আমীর বলেন, কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বরদাস্ত করা হবে না। যতক্ষণ পর্যন্ত জনগণের সব দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ রাজপথের আন্দোলন থামবে না।

পূর্বে ঘোষিত ১১ দলীয় ঐক্যের কর্মসূচি অনুযায়ী, আজ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের মাধ্যমে ৬ দফা আদায়ে নতুন গতি তৈরি করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ৭টা থেকেই মতিঝিল শাপলা চত্বরে নেতাকর্মীদের সুশৃঙ্খল জমায়েত শুরু হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেখান থেকেই চট্টগ্রামের উদ্দেশ্যে রোডমার্চের বহর রওনা হয়।