বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হয়েছে। কাগজে-কলমে ফলাফল স্পষ্ট—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫৪.৪৪ শতাংশ ভোট এবং দুই-তৃতীয়াংশ আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দৃশ্যত এটি একটি বিশাল বিজয় হলেও, বাস্তব পরিস্থিতি অত্যন্ত জটিল।
প্রশ্ন উঠছে, বিএনপি সরকার কি আদৈা নিজের মতো করে দেশ চালাতে পারবে, নাকি তারা ড. মুহাম্মদ ইউনূসের রেখে যাওয়া কাঠামোর জালে বন্দি? দ্যা প্রেস ২৪ এর প্রতিবেদন থেকে নেয়া
গণভোট ও ৮৪টি সংস্কারের বাধ্যবাধকতা
এই নির্বাচনের সবচেয়ে বড় দিক ছিল জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হওয়া ‘গণভোট’। সেই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার অর্থ হলো—নতুন সরকারকে এখন আগের নির্ধারিত পথেই চলতে হবে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের আগে ৮৪টি সংস্কার প্রস্তাব পাস করিয়ে নিয়েছে, যা নতুন সরকারের হাত-পা বেঁধে দিতে পারে।
উল্লেখযোগ্য সংস্কারসমূহ:
- ক্ষমতার ভারসাম্য: প্রধানমন্ত্রী টানা ১০ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।
- সংসদীয় পরিবর্তন: এখন থেকে ডেপুটি স্পিকার আসবেন বিরোধী দল থেকে।
- উচ্চকক্ষ ও নিম্নকক্ষ: বড় কোনো আন্তর্জাতিক বা বিদেশি চুক্তি করতে হলে এখন আর নির্বাহী বিভাগের একক সিদ্ধান্ত চলবে না; উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় জায়গার অনুমোদন লাগবে।
- মৌলিক অধিকার: সংবিধানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা যুক্ত হচ্ছে, যা রাষ্ট্রের নজরদারি ক্ষমতাকে সীমিত করবে।
অর্থনৈতিক ও কূটনৈতিক চুক্তির বোঝা
ক্ষমতা ছাড়ার ঠিক আগমুহূর্তে ড. ইউনূস সরকার একাধিক বাণিজ্যিক ও অস্ত্র চুক্তি সম্পন্ন করেছে। চারটি দেশ থেকে অস্ত্র কেনার বিশাল বাজেট এবং বিপুল ঋণের দায় এখন নবনির্বাচিত বিএনপি সরকারের কাঁধে।
আরো পড়ুন- ১৩তম সংসদ নির্বাচন: ৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের
বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিতে কঠোর শর্ত রয়েছে। নির্দিষ্ট কিছু কৌশলগত পণ্যের ক্ষেত্রে ওয়াশিংটনের অনুমতি ছাড়া অন্য দেশের (যেমন রাশিয়া বা চীন) সঙ্গে চুক্তি করা যাবে না। এর ফলে নতুন সরকারের কূটনৈতিক স্বাধীনতায় বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে।
রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার আশঙ্কা
বিজয় উদযাপনের মাঝেই ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটসহ বেশ কিছু দল ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে। অনেক হেভিওয়েট প্রার্থীর পরাজয় এবং ফলাফল ঘোষণায় বিলম্বের কারণে রাজপথে অরাজকতার আশঙ্কা করা হচ্ছে। যদি এই নির্বাচনী ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যাত হয়, তবে দেশ এক গভীর রাজনৈতিক সংকটে পড়তে পারে।
বিএনপি ক্ষমতায় যাচ্ছে ঠিকই, কিন্তু ড. ইউনূস তাদের জন্য যে ‘শর্ত কাঠামো’ রেখে গেছেন, তাতে একক সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পররাষ্ট্রনীতিতে চুক্তির ফাঁদ—সব মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিএনপিকে এক সীমাবদ্ধতার ভেতর দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে।
সূত্রঃ দ্যা প্রেস ২৪










