সাংবাদিককে অকথ্য ভাষায় গালমন্দ করার অভিযোগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সারকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই কথা জানান।
তিনি বলেন, ওই কর্মকর্তাকে ‘ওএসডি’ করার পাশাপাশি আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বললেও সেটাও প্রতিপালন করা হবে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২১ মিনিটে ঢাকা পোস্ট নামের একটি ওয়েব পোর্টালে ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি খবর প্রকাশ হয়। ওই পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদ প্রতিবেদনটি তৈরি করেন। এর জেরে সেদিন রাত সাড়ে ১০টায় টেকনাফের ইউএনও তার সরকারি ফোন নম্বর থেকে সাইদুলকে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ করেন।
পরে ওই কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
সূত্রঃ ইত্তেফাক







