তুরাস-এর উত্তরাধিকার
banner

দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আলেম-ওলামাদের অবদান সংরক্ষণ, তাঁদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে গবেষণা এবং নতুন প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত হয়েছে বিশেষ সংখ্যা ‘তুরাস-এর উত্তরাধিকার’।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলমান ইসলামি বইমেলায় এর মোড়ক উন্মোচন করা হয়।

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ.) ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর স্মরণে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে সংখ্যাটি প্রকাশ করা হয়।

তুরাস-এর উত্তরাধিকার
ছবি: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

‘ইতিহাস থেকে আলেমদের অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা আলেমদের অবদান এই সংখ্যায় তুলে ধরা হয়েছে।

তাঁর ভাষায়, আল্লামা আহমাদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী আপসহীন অবস্থানের কারণে তৎকালীন সরকারের রোষানলে পড়েছিলেন। তিনি বলেন,

“স্বাধীনতার পর থেকে দেশ ও ইসলাম রক্ষার সব আন্দোলনে আলেমদের অবদান থাকলেও ইতিহাস থেকে তা মুছে ফেলার অপচেষ্টা হয়েছে। নতুন প্রজন্মকে তাঁদের প্রকৃত উত্তরাধিকার সম্পর্কে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।”

‘কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া চলবে না’

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ আলেম সমাজকে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার আহ্বান জানান।

তুরাস-এর উত্তরাধিকার
ছবি: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

তিনি বলেন,

“আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি না হয়ে নিজেদের সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও শক্তির ওপর দাঁড়াতে হবে। রাষ্ট্র পরিচালনায় আলেমদের সুনির্দিষ্ট ও সুষ্ঠু ভূমিকা পালন করতে হবে।”

শাপলা চত্বরের ঘটনার আন্তর্জাতিক মানের ডকুমেন্টেশনের তাগিদ

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি মাওলানা গাজী ইয়াকুব বিগত সরকারের আমলে আলেমদের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “২০০৯ সালের পর থেকে আলেমদের রাষ্ট্রীয়ভাবে অবমূল্যায়ন ও নানা শারীরিক-মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছে।”

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারের বক্তব্য নিয়ে প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের ডকুমেন্টেশন অনেক আগেই হওয়া উচিত ছিল।

তুরাস-এর উত্তরাধিকার
ছবি: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

ভবিষ্যৎ গবেষণার নতুন দুয়ার

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক (ধর্ম) মনযূরুল হক প্রকাশনাটির গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, এটি শুধু একটি মোড়ক উন্মোচনের আয়োজন নয়, বরং একটি সংরক্ষিত ঐতিহাসিক দলিল, যা ভবিষ্যতে আলেমদের ভূমিকা নিয়ে গবেষণার নতুন পথ খুলে দেবে।

গবেষণা ও প্রকাশনা সেলের সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ ও সহসম্পাদক মাওলানা শারাফাত শরীফ যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এতে আরও বক্তব্য দেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইনজিমামুল ইসলাম এবং মুখপাত্র মাওলানা রফিকুল ইসলাম আইনী।

অনুষ্ঠানে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক মাওলানা লিয়াকত আলীসহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।