নাহিদ ইসলাম লংমার্চ
ছবি: নয়াদিগন্ত

যেকোনো বাধা-বিপত্তি উপেক্ষা করেই ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

একইসঙ্গে দেশবাসীকে কোনো বিশেষ রাজনৈতিক ব্যানারে না দেখে সাধারণ মানুষ হিসেবে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আয়োজিত শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের আপামর ছাত্র-জনতা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে একনায়কতন্ত্রের অবসান ঘটিয়েছিল।

আরো পড়ুন- শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় শহরের দিকে লংমার্চ শুরু করা হয়েছে যেন ভবিষ্যতে কেউ নতুন করে স্বৈরাচারী শাসনের পথ বেছে নিতে না পারে।

তিনি লংমার্চের মূল উদ্দেশ্য তুলে ধরে জানান, এই আন্দোলন মূলত:

  • চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের সিন্ডিকেট ভাঙা এবং কৃত্রিম মূল্যবৃদ্ধি রোখা।
  • ৭০ শতাংশ মানুষের দেওয়া গণরায়ের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনা।

সাধারণ মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি কেবল ১১টি দলের নিজস্ব কর্মসূচি নয়, বরং এটি পুরো বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণের আন্দোলন। এতে সর্বস্তরের জনগণকে সতস্ফূর্তভাবে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।

বক্তব্যের শেষে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই পরিচালিত হবে। তবে সরকার যদি এই লংমার্চে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে, তবে তাদের ৬ দফার এই দাবি সরাসরি সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেবে।