বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনা পথচারী নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ধানক্ষেতে পড়ে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি।

শ্রবণপ্রতিবন্ধী এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে সংঘটিত এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও চালক আহত হয়েছেন। তবে গাড়ির ধাক্কায় আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম স্থানীয় গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীসহ ঢাকা থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধা ফিরোজা বেগম হঠাৎ গাড়ির সামনে চলে এলে তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান।

এতে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের নিচু ধানক্ষেতে গিয়ে পড়ে।

আরো পড়ুন- চলন্ত এসি স্লিপার বাসে আগুন: জানালার গ্লাস ভেঙে ৩০ যাত্রীকে উদ্ধার

দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় পথচারী ফিরোজা বেগমের ডান পা ভেঙে যায়। পরে তাঁকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, “প্রতিমন্ত্রীর গাড়ির সামনে হঠাৎ এক শ্রবণপ্রতিবন্ধী নারী চলে এলে তাঁকে বাঁচাতে গিয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে নেমে যায়। পরবর্তীতে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পান এবং তাঁর স্ত্রীও সামান্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে প্রতিমন্ত্রী জয়পুরহাটে তাঁর নিজ বাসভবনে অবস্থান করছেন।

দুর্ঘটনার স্মৃতি বর্ণনা করে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ছিটকে পাশের ফসলের মাঠে গিয়ে স্থির হয়ে দাঁড়ায়। এতে আমি হাঁটু ও পায়ে ব্যথা পেয়েছি।”

সূত্র: মানবজমিন