ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটি যদি আমেরিকান কোনো জাহাজে হামলা করে তাহলে ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট নতুন উত্তেজনায় দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি আবারও ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যেকোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র, গোলাবারুদ ও প্রযুক্তি রয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত। প্রয়োজনে এই পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করল মার্কিন বাহিনী
এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’তে ইরানের সম্ভাব্য অবরোধ ঠেকাতে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সোমবার থেকে মার্কিন সেনাবাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে বিশেষ অভিযান শুরু করেছে।
বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের দরজা খুলে দিতে পারে।











