Home কোটা আন্দোলন ‘হাদি আমাদের বুকেই থাকবে, কেউ সরাতে পারবে না’: জানাজায় প্রধান উপদেষ্টা

‘হাদি আমাদের বুকেই থাকবে, কেউ সরাতে পারবে না’: জানাজায় প্রধান উপদেষ্টা

236
0
হাদি আমাদের বুকেই থাকবে
ছবি: ইনিউজ আপ

শহিদ ওসমান হাদিকে জাতির চিরস্থায়ী অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

হাদি বাংলাদেশিদের বুকেই থাকবেন প্রধান উপদেষ্টা বলেন, “প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন আছে, ততদিন তুমি সব বাংলাদেশিদের বুকে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।” তিনি আরও যোগ করেন যে, হাদিকে আল্লাহর কাছে আমানত রাখা হয়েছে এবং জাতি সবসময় তার আদর্শ অনুসরণ করবে।

নির্বাচন ও প্রচারণার শিক্ষা ওসমান হাদির রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করে ড. ইউনূস বলেন, “হাদি আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া শিখিয়ে গেছেন, তা যেন আমরা সবাই গ্রহণ করি। কীভাবে মানুষের কাছে যেতে হয়, কীভাবে প্রচারণা চালাতে হয়—তুমি সেই শিক্ষা দিয়ে গেছ। আমরা সেই শিক্ষা গ্রহণ করলাম।”

‘বল বীর’ মন্ত্রে উজ্জীবিত জাতি প্রধান উপদেষ্টা হাদির জীবনদর্শন ও সাহসিকতার কথা স্মরণ করে বলেন:

“তোমার মন্ত্র হলো ‘বল বীর, চির উন্নত মম শির’। এই মন্ত্র সব বাংলাদেশি ধারণ করবে। আমরা দুনিয়ায় সবার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথানত করবো না। সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছ, আমরা তা পূরণ করে যাবো।”

জনমানুষের শ্রদ্ধা জানাজায় মানুষের ঢল নামার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, আজ লাখ লাখ মানুষ হাজির হয়েছেন এবং কোটি কোটি মানুষ হাদির আদর্শ সম্পর্কে জানতে তাকিয়ে আছে। হাদির মানবপ্রেম এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।