Home অপরাধ উত্তরায় চলন্ত গাড়িতে তরুণী গণধর্ষণ, গ্রেপ্তার ২

উত্তরায় চলন্ত গাড়িতে তরুণী গণধর্ষণ, গ্রেপ্তার ২

435
0
উত্তরা

রাজধানীর উত্তরায় চলন্ত গাড়িতে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় ধর্ষক নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জানা গেছে, ভুক্তভোগী তরুণী একটি বিউটি পার্লারে চাকরি করেন। আর আসামিরা দুইজনই পেশায় গাড়িচালক।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গত ২৫ ডিসেম্বর ভুক্তভোগী তার এক বন্ধুর সঙ্গে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি ভবনে যান। সেখানে তাদের দুইজনকে সিজান, রায়হান ও তাদের আরো দুই বন্ধু আটকে রেখে টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিভাবককে জানানোর ভয় দেখায়।

এরপর ভুক্তভোগীর বন্ধু টাকা আনতে গেলে তারা চারজন ভুক্তভোগীকে একটি প্রাইভেটকারে তুলে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। চলন্ত গাড়িতে চারজন গণধর্ষণ করে তাকে উত্তরা পশ্চিম থানা এলাকায় নামিয়ে দেয়। পরে মামলা দায়েরের পর গতকাল (সোমবার) রাতে অভিযান চালিয়ে সিজান ও রায়হানকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা প্রত্যেকেই গাড়িচালক। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এদিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কারণে আদালত দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন। এছাড়া ঘটনার সঙ্গে আরো যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার অভিযান চলছে।