গাইবান্ধায় বাসচাকায় সিএনজিতে থাকা স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন একজন।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাকোয়া মাঝিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ি থানার ওসি মো. মাসুদ রানা জানিয়েছেন, আজ সকালে গাইবান্ধা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশায় কিছু বুঝে ওঠার আগেই ঢাকা থেকে গাইবান্ধাগামী শানে খোদা পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিএনজির যাত্রী শামীম ও তার স্ত্রী শিমু সরকার এবং শাকিল মিয়া নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
‘পরে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত পরিচয়ের সিএনজি চালক মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তারা তিনটি মরদেহ উদ্ধার করে পলাশবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
পুলিশ জানায় , ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সিএনজি চালকসহ দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যান। অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, আমরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছি। ৩ জনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছি।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ











