হত্যার ১৬ বছর পর ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লা একটি আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন বুধবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে এ রায় দেন।
হত্যাকান্ডে দণ্ডিতরা হলেন- কুমিল্লার দাউদকান্দির বড়সাতপাড়া গ্রামের কাউসার ওরফে অপূর্ব, মুরাদনগরের বড়ইয়া কুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম, দাউদকান্দির সাতপাড়া গ্রামের শফিকুল ইসলাম, একই গ্রামের আক্তার হোসেন ও লালচাঁন স্বর্ণকার এবং দেবিদ্বারের ভানী গ্রামের মহসিন।
এজাহারের বরাতে তিনি জানান, ২০০৭ সালের ১৯ জানুয়ারি রাতে গৃহবধূ শাহনাজ আক্তারকে ডাকাতির সময় হত্যা করা হয়। ঘটনার দিন তিনি তার স্বামী ফারুক মিয়ার বাড়ি দাউদকান্দির ইলিয়টগঞ্জে ছিলেন। এ ঘটনায় মামলা করেন তার বাবা সৈয়দ আহমেদ। অজ্ঞাতপরিচয়দের আসামি করে ওই মামলা হলেও পরে তদন্তে আসামিদের নাম উঠে আসে।
বাদীপক্ষের আইনজীবী আ হ ম তাইফুর আলম জানান, ঘটনার সময় শাহনাজ বাথরুমে ছিলেন। সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে ডাকাত দল। এ সময় তার হাত-পা বাঁধা হয়। গলা ওড়নায় এবং নাক-মুখ তোয়ালে দিয়ে পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে আসামিরা।
তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি কাউসার ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে বাদীপক্ষ। তবে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন জানান, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।’
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ







