বাসে আগুন
ছবিঃ ইত্তেফাক

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা,তাঁতী বাজার, ডেমরা ও মোহাম্মদপুরের টাউন হল এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বাসে আগুন দেয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় একজন বাস চালকের সহযোগী নিহত হয়েছেন। নিহতের নাম মো. নাঈম (২২) ।

বায়তুল মোকাররাম এলাকা:

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় একটি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) সকালে ‘শিকড়’ পরিবহনের বাসটি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের খবর আসেনি।

রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করাও সম্ভব হয়নি।

বাসে আগুন
ছবিঃ ইত্তেফাক

একজন প্রত্যক্ষদর্শী জানান, বাসটি রানিং থাকা (চলমান) অবস্থায় আগুন জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই অগ্নি সংযোগ করা হয়।

অগ্নি সংযোগের প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে বাসটির বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসে আগুন
ছবিঃ ইত্তেফাক

মোহাম্মদপুর:

মোহাম্মদপুরের টাউন হল ও ময়ূর ভিলার উল্টোদিকে প্রজাপতি ও স্বাধীন পরিবহন নামে দুটি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) ভোররাতে ও সকাল সাড়ে ১০টার দিকে পৃথক দুই বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

তাঁতী বাজার:

তাঁতী বাজার মোড় ও রায়সা বাজারের মাঝখান বরাবর একটি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, তাঁতীবাজার মালিটোলা পার্কের বিপরীত পাশে সদরঘাটগামী বাসে আগুন জ্বলছে। আগুনে বাসের অন্তত ৮০ শতাংশ পুড়ে গেছে।

ডেমরা:

ডেমরার দেইল্লা বাস স্টেশন এলাকায় অসীম পরিবহন নামে একটি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) ভোররাত তিনটার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা মো. নাঈম (২২) নামে একজন বাস চালকের সহযোগী মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডেমরা থানার এসআই সাইদুর রহমান। তিনি বলেন, ‘নিহত বাস চালকের সহযোগীর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় রবিউল (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মৃত নাঈম বরিশাল জেলার কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে। বর্তমানে তিনি ডেমরার হাজীনগরের থাকতেন।

পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। সে সময়ে বাসটি রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। আর তারা ভেতরে ঘুমিয়ে ছিল।’

তথ্যসূত্রঃ ইত্তেফাক