দৈনিক অভিযোগ বার্তা’র গৌরবময় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার (৮ নভেম্বর) এক জমকালো ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে।
বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা দৈনিক অভিযোগ বার্তার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে ছিল তারকাদের মিলনমেলা, সম্মাননা প্রদান ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনা। আয়োজনে ছিল স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান, ফ্যাশন শো, সংগীত পরিবেশনা, নৃত্য ও কেক কাটা—সব মিলিয়ে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে কেটেছে দিনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম ফিরোজ আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আছিফুর রহমান তোতা, সিইও স্টার বাংলাদেশ মিডিয়া ও চেয়ারম্যান বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।
আলোচনায় প্রতিষ্ঠানের প্রকাশক ও সম্পাদকসহ অন্যান্য বক্তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং পাঠক-সেবার মানোন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তিকার সবুজ রয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, চলচ্চিত্র নির্মাতা জ্যাম্বস কাজল, সাংবাদিক কাজল হাজরা (দৈনিক কালবেলা), চলচ্চিত্র অভিনেত্রী রেবেকা, অভিনেতা আমান রেজা, নায়িকা ক্যামিলিয়া, মডেল নিগার দৌলা ও কণ্ঠশিল্পী এস এম শফি, এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, দৈনিক অভিযোগ বার্তা গত ছয় বছর ধরে নিরলসভাবে মানুষের দুঃখ-দুর্দশা, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছে। তারা পত্রিকাটির সাংবাদিকদের প্রশংসা করে বলেন, “এই ধারাবাহিকতা বজায় রেখে সত্য, ন্যায় ও ইতিবাচক সাংবাদিকতায় আরও এগিয়ে যাবে অভিযোগ বার্তা।”

এসময় প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও পাঠকসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতা, সমাজসেবা, উদ্যোক্তা উন্নয়ন, সংস্কৃতি ও মডেলিংসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সাংবাদিক, অতিথি, পাঠক ও সংস্কৃতি অঙ্গনের তারকাদের মিলনমেলা। কেক কাটার পর মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে এই আনন্দঘন আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
দৈনিক অভিযোগ বার্তার এই ছয় বছরের পথচলা শুধু সাংবাদিকতার নয়, এটি একটি নিরন্তর সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন—যা ভবিষ্যতের পথে আরও অনুপ্রেরণা জোগাবে।
— নিজস্ব সংবাদদাতা/ইনিউজ আপ










