তোমাকে খুঁজি পাইনা কোথাও
তোমার দেখা পাইনা কোথাও,
রাস্তায়, রেস্তোরায়,
পার্কে, শপিংমলে
কোথাও তুমি নেই।
আমার দুচোখ কেবল তোমাকেই খুঁজে ফেরে শহরময়।
তুমি যেন এক মায়াবী হরিণ
চোখ ফেরাতেই মিলিয়ে যাও।
অথবা কোন অদৃশ্য স্বপ্ন পাখি
ঘুম ভাঙতেই উড়ে পালাও।
তুমি আছো জানি
এই শহরের কোথাও না কোথাও
জনারণ্যে, কোলাহলে, অবিরাম মানুষের ধারায়
তবে আমি কেন তোমাকে দেখতে পাইনা!
তোমাকে একবার দেখতে পাবো এই আশায়
তন্ন তন্ন খুঁজি রোজ।
কৌতূহলী চোখ তোমার মুখটাই খুঁজে ফেরে
প্রত্যহ যাবতীয় কাজের ভিড়ে,
অস্থির সময়ের বন্যায়
প্রাত্যহিক এই আসা যাওয়ায়।
দিনের শুরু থেকে পড়ন্ত সন্ধ্যায়…
তোমাকে খুঁজে পায় না আমার ব্যর্থ চোখ।
নিশ্চিত জানি, তুমি আছো…
কারো ঘরে সন্ধ্যাদীপ হয়ে জ্বলো,
কারো আঁচলের কোমল আদরে
শৈল্পিক মহিমায় মুগ্ধ চিত্র আঁকো।
কারো অস্থির বাহুতে, গ্রীবায়
সুসমৃদ্ধ হও বিভাবরী।
মুগ্ধ শিল্পের ব্যাঞ্জনা শেষে
সমস্ত ক্লান্তি টুপটাপ শিশিরে লুটাও।
আমিই কেন তোমাকে পাইনা কোথাও!
একবার তোমায় দেখতে পাবো এই আশায়
খুঁজে যাই তোমার মুখ।
আমার কাছে তুমি যেন অদৃশ্য অলীক কিছু
স্পর্শহীন, গন্ধহীন থেকে যাও স্বপ্নেরও সূক্ষ্ম অগোচরে।
লেখক- সাদিয়া আফরিন







