Home বাংলাদেশ টঙ্গী উড়াল সড়কের উদ্বোধন, যান চলাচল শুরু

টঙ্গী উড়াল সড়কের উদ্বোধন, যান চলাচল শুরু

101
0
টঙ্গী উড়াল সড়ক
ছবি: সংগৃহীত

টঙ্গী উড়াল সড়কের উদ্বোধন

বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের টঙ্গী উড়াল সড়ক- উত্তরা থেকে টঙ্গী রেলগেট উড়ালসড়ক ও টঙ্গী সেতুর একাংশ আজ (৬ নভেম্বর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প পরিদর্শনে যাওয়ার পর উড়ালসড়কটিতে যানবাহন চলাচল শুরু হয়।

ওবায়দুল কাদের বলেন, মানুষের দুর্ভোগ কমাতে একটা লাইন খুলে দেয়া হলো। জুনের প্রথম সপ্তাহে পুরো উড়াল সড়ক উদ্বোধন করা হবে।

টঙ্গী উড়াল সড়ক

সেতুমন্ত্রী আরও বলেন, এ সড়কের দুটি লেন চালু হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেকটা কমবে। এতে ফ্লাইওভারের বাকি কাজও বেগবান হবে। আগামী বছরের ২০২৩ সালের মে থেকে জুনের মাঝামাঝি সময় বাস র‌্যাপিট ট্রানজিট বা বিআরটি প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়ক চলাচলের উপযোগী হবে। এখন পর্যন্ত এই প্রকল্পের ৭৮ দশমিক ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

এসময় মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উলতাহ খান, সড়ক সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, সেতু সচিব মনজুর হোসেন, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।

২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বিআরটি লেনের সাড়ে ৪ কিলোমিটার থাকবে উড়ালসড়কে। বাকি ১৬ কিলোমিটার বিআরটি লেন মাটির সমতলে নির্মিত হচ্ছে। মাঝে রয়েছে ১৭৫ মিটার দীর্ঘ ১০ লেনের টঙ্গী সেতু। সেতু ও ফ্লাইওভার নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

২০১৬ সালে বিআরটি চালুর পরিকল্পনা থাকলেও এর নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জানুয়ারিতে।

জানা গেছে, আজ চালু হতে যাওয়া ফ্লাইওভার ও সেতুর দুই লেন টঙ্গী থেকে ঢাকামুখী যানবাহন ব্যবহার করবে। টঙ্গী সেতুর ঢাকামুখী পুরোনো অংশ অপসারণ এবং সেখানে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে। ঢাকা থেকে টঙ্গীমুখী যানবাহনকে পুরোনো সেতু ব্যবহার করতে হবে।

সূত্রঃ সমকাল/প্রতিদিনের বাংলাদেশ