Home আমার ঢাকা জুলাই আন্দোলনের অনুপ্রেরণায় ‘নেক্সাস ক্যাফে’: ইতিহাস, সংস্কৃতি ও সংহতির মিলনস্থল

জুলাই আন্দোলনের অনুপ্রেরণায় ‘নেক্সাস ক্যাফে’: ইতিহাস, সংস্কৃতি ও সংহতির মিলনস্থল

334
0
জুলাই আন্দোলনের অনুপ্রেরণায় ‘নেক্সাস ক্যাফে’
ছবিঃ একাত্তুর টিভি

জুলাই মাসের ছাত্র জনতার ঐতিহাসিক গণআন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে যাত্রা শুরু করলো ‘নেক্সাস ক্যাফে প্যালেস’। ১২ নম্বর রোডে অবস্থিত এই ক্যাফেটির উদ্বোধন হয় এক অনাড়ম্বর অথচ অর্থবহ আয়োজনে, যেখানে ইতিহাস, সংস্কৃতি ও সংহতির এক নতুন মেলবন্ধনের সূচনা ঘটে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হাজি হারাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও উদীয়মান তরুণ উদ্যোক্তারা।

জুলাই আন্দোলনের অনুপ্রেরণায় ‘নেক্সাস ক্যাফে’
ছবিঃ একাত্তুর টিভি

তারা ক্যাফেটিকে শুধু খাবারের জায়গা নয়, বরং মত ও মননের আদান-প্রদানের এক উন্মুক্ত পরিসর হিসেবে বিবেচনা করছেন।

নেক্সাস ক্যাফের অন্যতম প্রতিষ্ঠাতা কোরিয়ার নাগরিক জিনা জানান,

“গত বছর ঢাকায় অবস্থানকালে আমি ছাত্র ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ এবং আত্মত্যাগের দৃশ্য প্রত্যক্ষ করেছি। সেই অভিজ্ঞতা আমার হৃদয়ে গভীর রেখাপাত করে। আমি চেয়েছি এমন একটি জায়গা গড়ে তুলতে, যেখানে তরুণরা কফির কাপ হাতে আলোচনা করবে পরিবর্তনের, সাহসের এবং ইতিহাসের।”

জুলাই আন্দোলনের অনুপ্রেরণায় ‘নেক্সাস ক্যাফে’
ছবিঃ একাত্তুর টিভি

নেক্সাস ক্যাফেতে থাকবে আন্তর্জাতিক মানের খাবার ও পানীয়, আরামদায়ক পাঠচক্র, শিল্প ও সাহিত্যের আসর, ফিল্ম স্ক্রিনিং এবং মাসিক আলোচনা সভার আয়োজন। এখানে বই পড়ার জন্য থাকবে আলাদা কর্নার এবং নির্দিষ্ট সময়ে সাংস্কৃতিক পারফরম্যান্সের আয়োজনও করা হবে।

ক্যাফের ব্যবসায়িক উপদেষ্টা সেলিম প্রধান জানান,

“নেক্সাস ক্যাফে শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় – এটি একটি সামাজিক উদ্যোগ। এই ক্যাফে থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সহায়তায় ব্যয় করা হবে। পাশাপাশি মুনাফার অংশ দিয়ে প্রতিবছর শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি চালু করার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, এই ক্যাফে হোক ভাবনার, প্রতিবাদের এবং ইতিবাচক পরিবর্তনের একটি কেন্দ্র। এখানে আগত প্রতিটি মানুষ যেন অনুভব করেন, তাঁরা ইতিহাসের ধারাবাহিকতায় একটি অংশ।”

‘নেক্সাস ক্যাফে’ তাই শুধু খাবার পরিবেশন নয়, বরং একটি ভাবনা, একটি প্রতিজ্ঞা—যা ইতিহাসকে স্মরণ করে বর্তমানকে গড়ে তুলতে চায় ভবিষ্যতের আশায়।

— নিউজ ডেস্ক