সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় চাকা ফেটে রুম্মান আহমদ (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়।
এ ঘটনায় এনামুল হক নামে আরেক শ্রমিক আহত হন। তার বাড়ি একই থানার মহালদিক গ্রামে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান শ্রমিকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় রুম্মান নামের একজন মারা গেছে।
সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুইজন কর্মী দুর্ঘটনার শিকার হন। এটি একটি রুটিন কাজ। চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ কোনো এক কারণে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রঃ বণিকবার্তা







