ময়মনসিংহ নগরীর ব্যস্ততম ছোট বাজার এলাকায় এক ব্যবাসয়ীর শরীরে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বত্তরা। টাকা ছিনিয়ে নেওয়ার আগে ছিনতাইকারী চক্রটি ভুক্তভোগী ব্যবসায়ীর পরনে থাকা পাঞ্জাবিতে কাদা ছিটিয়ে তাঁকে ব্যতিব্যস্ত করে ফেলে।
বুধবার (৯ নভেম্বর) দুপুর দুইটার দিকে নগরীর ছোট বাজার অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম শামসুল আলম (৬০)। তিনি ময়মনসিংহের আকুয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সার ব্যবসায়ী ও ঠিকাদার।
ভুক্তভোগী শামসুল আলম ও কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইটার দিকে ছোট বাজার এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে ৯ লাখ টাকা তোলেন শামসুল আলম। পরে পাঁচ লাখ টাকা অপর একটি ব্যাংকে জমা দেন। বাকি চার লাখ টাকা নিয়ে অপর একটি ব্যাংকে জমার দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় একদল ছিনতাইকারী শামসুল আলমের পরনে থাকা পাঞ্জাবিতে কাদার মতো দেখতে ময়লা ছুঁড়ে মারে। পরে ছিনতাইকারীরা শামসুল আলমকে লক্ষ্য করে বলতে থাকে ‘পাঞ্জাবিতে ময়লা লেগেছে, পরিষ্কার করেন।’ ওই অবস্থায় শামসুল আলম কিছুটা ব্যতিব্যস্ত হয়ে পড়লে ওই সুযোগে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, এ ঘটনায় সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন শামসুল আলম। ঘটনার পর ঘটনাস্থলের কাছে কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ।
তিনি বলেন, এটি ছিনতাই নয়, এক ধরণের প্রতারণা। এই চক্রটিকে ধরতে পুলিশ ইতোমধ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সূত্রঃ ইত্তেফাক







