ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের চকরাধাকানাই গ্রামে আহলে হাদীসের ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় দু’গ্রুপে একইস্থানে ধর্মসভা আয়োজন করায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে মাইকিং করে আহলে হাদীসের ইজতেমার উপর ১৪৪ ধারা জারি করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। দুই গ্রুপের বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান ঐ কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, চকরাধাকানাই গ্রামে আহলে হাদিসের ইজতেমাকে ঘিরে নূরুল ইসলাম মাস্টার ও মোখলেছুর রহমান গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা নিরসন না হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়। ২১ ডিসেম্বর থেকে আহলে হাদীসের ধর্মসভা হওয়ার কথা ছিলো।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতিন পুলু বলেন, এক আহলে হাদীসের ইজতেমা বন্ধ করার জন্য আমার কাছে অভিযোগ দিয়েছেন। ইজতেমা বন্ধ না হলে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ফুলবাড়ীয়া থানার ওসি আবুল কালাম আজাদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সূত্রঃ ইত্তেফাক








