ফরিদপুরের সদরপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক এসএসসি ফল প্রার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। এ সময় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ৩টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের সদরপুর-চরভদ্রাসন সড়কে এ ঘটনা। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ১৬ বছর বয়সী তামিম বেপারি সদরপুরের আকটের চর ইউনিয়নের সাড়েং গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস বেপারির ছেলে। সে স্থানীয় মোলায়েম ডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। অপর নিহত ১৭ বছরের রিমন শেখ একই ইউনিয়নের হানিফের ডাঙ্গী গ্রামের বাসিন্দা কৃষক গফফার শেখের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, তামিম মোটরসাইকেলে করে বাড়ি থেকে সদরপুর উপজেলা সদরের দিকে আসছিল। অপরদিকে রিমন সদরপুর থেকে মনিকোঠার দিকে যাচ্ছিল। উপজেলার আকটের চর ইউনিয়নের সদরপুর-চরভদ্রাসন সড়কের আমজেদ বেপারি বাড়ির সামনে এলে বাইক দুটির সংঘর্ষ ঘটে। এতে দুই বাইকে থাকা তিন কিশোর গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তামিমকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তামিম ও রিমনকে মৃত ঘোষণা করেন। হিরাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোলায়েম ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তামিম একজন মেধাবী ছাত্র ছিল। এ বছর সে এই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। অপরদিকে রিমন তিন বছর আগে পড়াশোনা বাদ দিয়েছে।’

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ