অবশেষে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সিদ্ধান্ত অনুযায়ী কেবল রাজধানীর শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এই তথ্য জানিয়েছেন।
এখন প্রশ্ন উঠছে, কেবল রাজধানী ঢাকাতেই শিক্ষার্থীরা গণপরিবহণে চলাচল করেন? ঢাকার বাইরে শিক্ষার্থীরা গণপরিবহনে চড়ে না?
পরিবহণ মালিক সমিতি মহাসচিবের এমন ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাদের মতে, ‘ঢাকার বাইরের শিক্ষার্থীদের কি ধনী ভাবা হচ্ছে? যদি তা না হয়, তাহলে ঢাকার ভেতর ও বাইরে দুই নিয়ম হয় কিভাবে? না কি তারা শিক্ষার্থী নন?
এছাড়া ছুটির সময় হাফ ভাড়া নেওয়া হবে না, তার মানে ছুটিতে শিক্ষার্থীদের ছাত্রত্ব চলে যায়?’
এমন নানা প্রশ্ন নিয়ে পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা আন্দোলন থেকে সরে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, সারাদেশের সব ছাত্রছাত্রীকেই এই সুবিধা দিতে হবে। এজন্য অবশ্যই প্রজ্ঞাপন জারি করতে হবে। নাহলে রাজপথে তাদের ওপর চালকদের যে নির্যাতন, তা বন্ধ হবে না বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে পরিবহন মালিক সমিতির এমন সিদ্ধান্তে খুশি নন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা সারাদেশেই গণপরিবহণে হাফ পাস চান। সেই সঙ্গে নিরাপদ সড়কের জন্য দেওয়া ৯ দফা দাবির বাকিগুলো মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ‘আশ্বাস আর না, বাস্তবায়ন কর না’ বলে স্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মনে করেন, নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবির একটি অর্ধেক ভাড়া কার্যকর করা। বাকি দাবিগুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাকি দাবিগুলো মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘হাফ ভাড়া নিয়ে পরিবহন মালিক সমিতির এই ধরনের সিদ্ধান্ত খামখেয়ালিপনা। ঢাকার বাইরে অনেক শিক্ষার্থী থাকে। এছাড়া গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশে জীবন যাপন করে। তাই তাদের হাফ ভাড়ার জন্যও আমরা মালিক সমিতিকে অনুরোধ করবো।’
এই প্রসঙ্গে জানতে চাইলে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিন ছাড়া অন্যান্য দিন রাজধানীতে সকাল ৭ টা থেকে রাত ৮ পর্যন্ত হাফ ভাড়া কার্যকর হবে। তবে এই সুবিধা পেতে হলে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। এই নিয়ম আগামীকাল (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।’
ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে এনায়েত উল্যাহ সাফ জানিয়ে দেন, ‘হাফ ভাড়া শুধু ঢাকার শিক্ষার্থীদের জন্যই কার্যকর হবে। ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য এমন কোনো সিদ্ধান্ত আমরা নেবো না।’
ছবি: আব্দুল গনি
সূত্রঃ ইত্তেফাক







