Home ক্যাম্পাস ও শিক্ষা টিএসসির কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাংচুর; অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

টিএসসির কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাংচুর; অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

306
0

প্রশাসনের অনুমতি নিয়ে করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা আয়োজকদের উপর হামলা করে এবং স্টেজ ও চেয়ার ভাঙচুর করে। বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালির অনুষ্ঠানে ছাত্রলীগের জহুরুল হক হল এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় তারা স্টেজ, চেয়ার, সাউন্ডবক্স ভাঙচুর করে।

আয়োজকদের অন্যতম হুজাইফা বলেন, আজকে আমরা কাজ শুরু করার আগে টিএসসির পরিচালক আকবর তাদেরকে জানান, সাদ্দাম ফোন দিয়ে এই প্রোগ্রাম করতে নিষেধ করেছে। তিনি আমাদের সাদ্দামের সঙ্গে কথা বলতে বলেন। পরে সাদ্দাম বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরকে দিয়েও অনুষ্ঠানটি না করতে চাপ প্রয়োগ করে। যদিও আমরা প্রোগ্রামটি করার চেষ্টা করি। সাদ্দাম হোসেন কোনভাবে প্রোগ্রামটি বাতিল করতে না পেরে তার ছেলেদের দিয়ে হামলা করায়।

ছবিঃ যুগান্তর

আয়োজকরা আরও জানান, সন্ধ্যার দিকে বিভিন্নভাবে জানতে পারি ছাত্রলীগ হামলার প্রস্তুতি নিচ্ছে এবং মধুর ক্যান্টিনে জড়ো হচ্ছে। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা অনুষ্ঠানের স্টেজ, চেয়ার, সাউন্ডবক্স ভাঙচুর করে।

তবে হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেন সাদ্দাম হোসেন।

তিনি বলেন, এই স্থানে হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততার কোনো প্রশ্নই আসে না। আয়োজকরা নিজেদের মধ্যে মারামারি করে ভাঙচুর করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, কারা হামলা চালিয়েছে জানিনা। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ ছাত্রদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো এমন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

টিএসসির পায়রা চত্বরে বুধবার সন্ধ্যা ৬টায় এই আসর শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের কিছু ছাত্র অনুষ্ঠানস্থলে হাজির হয়ে অতর্কিত হামলা চালায়। তারা এ সময় মঞ্চ ভাঙচুর করলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

হামলায় মাহফিলে আসা শ্রোতা-দর্শক, আয়োজক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আয়োজকরা।

অনুষ্ঠানে ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদের কাওয়ালি সংগীত পরিবেশন করার কথা ছিল। এ ছাড়া মুর্শিদি-ভাণ্ডারি ধারার সংগীতশিল্পী শেখ ফাহিম ফয়সালেরও গান গাওয়ার কথা বলা হয়েছিল।

তথ্য সূত্রঃ সমকাল, যুগান্তর