জাপানের রাজধানী টোকিওর করাকুয়েন হলে আয়োজিত বক্সিং ইভেন্টে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা—একই আসরে প্রাণ হারালেন দুই জাপানি বক্সার।
২ আগস্টের ১২ রাউন্ডের লড়াইয়ে বক্সিং রিংয়ে নামেন শিগেতোশি কোটারি ও ইয়ামাটো হাটা। ম্যাচ ড্র হলেও লড়াই শেষে হঠাৎ রিংয়ে লুটিয়ে পড়েন কোটারি। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার সাবডুরাল হেমাটোমা হয়েছে—মাথার পেছনের অংশে খুলির ভেতর জমে থাকা রক্ত সরাতে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন।
এক সপ্তাহের চিকিৎসার পর স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দেয় জাপান বক্সিং অ্যাসোসিয়েশন।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার মৃত্যু হয় আরেক বক্সার হিরোমাসা উরাকাওয়ার। ১২ রাউন্ডের ফাইনালে ইয়োজি সাইতোর বিপক্ষে লড়াই চলাকালীন গুরুতর আঘাত পান তিনি। কোটারির মতোই তার মাথার পেছনে রক্ত জমাট বাঁধে এবং খুলি ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করলেও বাঁচানো যায়নি মাত্র ২৮ বছর বয়সী এই তারকাকে।
অল্প সময়ের ব্যবধানে দুই শীর্ষ বক্সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শুধু জাপান নয়, পুরো বক্সিং বিশ্বে। বিশ্ব বক্সিং সংস্থা (ডব্লিউবিও) গভীর শোক প্রকাশ করে জানায়—“এটি এক মর্মান্তিক সময়। কোটারির মৃত্যুর কয়েক দিনের মধ্যেই আমরা উরাকাওয়াকে হারালাম। আমরা তাদের পরিবার, বন্ধু এবং জাপানি বক্সিং সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এই ঘটনার পর জাপান বক্সিং কমিশন (জেবিসি) নতুন নিয়ম ঘোষণা করেছে—ওরিয়েন্টাল অ্যান্ড প্যাসিফিক বক্সিং ফেডারেশন (ওপিবিএফ) টাইটেল ম্যাচ আর ১২ রাউন্ডে হবে না, বরং সীমিত থাকবে ১০ রাউন্ডে। শুধু আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচে ১২ রাউন্ড বহাল থাকবে।
২০২৫ সালে এ নিয়ে তিনজন নামকরা বক্সারের মৃত্যু হলো রিংয়ে আঘাত পেয়ে। এর আগে ফেব্রুয়ারিতে বেলফাস্টে ওয়েলশম্যান নাথান হাওয়েলসের বিপক্ষে লড়াইয়ের পর প্রাণ হারান আইরিশ বক্সার জন কুনি।







