কক্সবাজারের টেকনাফের পাহাড়ি খালে মাছ ধরতে যাওয়া আট স্থানীয়কে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহরণকারীরা জনপ্রতি তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।
অপহৃত আটজন হলেন-টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।
গতকাল রবিবার বিকালে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনিরছড়া খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাদেরকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে গেছে বলে পরিবার সূত্র জানিয়েছে। তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মশিউর রহমান।
মোস্তফা ও করিম নামে দুই ভাই অপহৃত হয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিব উল্লাহ। তিনি জানান, ‘পাহাড়ের ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ করে পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে এসে তাদের সবাইকে জিম্মি করে। পরে তাদেরকে অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে বলে মুঠোফোনে জানিয়েছেন মোস্তফা। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে।’
বাহারছড়া ইউপির প্যানেল চেয়ারম্যান এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসী যে আটজনকে অপহরণ করেছে, তাদের এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মাছ শিকার করতে গিয়ে তারা কেউ ফেরত না আসায় বিয়ষটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করেছে পরিবারগুলো।’
স্বজনদের বরাতে টেকনাফ থানার ওসি মো আবদুল হালিম জানিয়েছেন, অপহরণকারীরা ফোন করে জন প্রতি ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ







