জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাঁচ শীর্ষ নেতার হঠাৎ কক্সবাজার সফর রাজনৈতিক অঙ্গনে একধরনের আলোড়ন তুলেছে।
কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই এনসিপি নেতাদের আগমন, বিলাসবহুল রিসোর্টে ওঠা, আকস্মিক হোটেল পরিবর্তন এবং গোয়েন্দা সংস্থার নিবিড় নজরদারি—সব মিলিয়ে এই সফরকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা ও ব্যাপক কৌতূহল।
একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা এমন গুরুত্বপূর্ণ দিনে যখন দেশের ইতিহাসে একটি বড় গণ-আন্দোলনের বার্ষিকী পালিত হচ্ছে, ঠিক সেই সময় ব্যক্তিগত সফরের নামে কক্সবাজারে অবস্থান করাটা নিঃসন্দেহে প্রশ্নের উদ্রেক করে। বিশেষ করে, বিদেশি কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের গুজব, সিসিটিভি ফুটেজ যাচাই, এবং দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ—সব মিলে পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে।
এখানে দুটি বিষয় গভীরভাবে লক্ষ্যণীয়।
প্রথমত, এনসিপির নিজস্ব কেন্দ্রীয় দপ্তরই যখন নেতাদের এই সফর নিয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায়, তখন এটি স্পষ্ট হয় যে, এই সফর ছিল দলের আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে। দ্বিতীয়ত, গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা ইঙ্গিত দেয়, বিষয়টি নিছক ভ্রমণ বা অবকাশযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়।
রাজনীতিতে গোপন বৈঠক, হঠাৎ অবস্থান পরিবর্তন কিংবা অনানুষ্ঠানিক আলোচনার খবর নতুন কিছু নয়। তবে যখন এমন সফর হয় একটি গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতিবিজড়িত দিনে, তখন এর তাৎপর্য আরও গভীর হয়ে ওঠে। এনসিপি যদি সত্যিই রাজনৈতিক কোনো নতুন মোড়ের প্রস্তুতি নিচ্ছে কিংবা বিদেশি শক্তির সঙ্গে কোনো যোগাযোগ স্থাপনের চেষ্টা করে থাকে, তাহলে সেটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, যদি এই সফর নিছকই একটি ব্যক্তিগত বা অরাজনৈতিক সফর হয়ে থাকে, তবে এমন গোপনীয়তা, অনিশ্চয়তা ও প্রশাসনিক অস্বস্তি সৃষ্টি করাই নেতিবাচক বার্তা দেয়। একটি রাজনৈতিক দল যখন জনসচেতনতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার কথা বলে, তখন নিজেদের আচরণে এসব নীতির প্রতিফলন থাকা আবশ্যক।
আমরা মনে করি, এনসিপি’র নেতাদের উচিত দ্রুততম সময়ের মধ্যে স্পষ্টভাবে তাদের অবস্থান প্রকাশ করা। অস্পষ্টতা ও গুজব শুধু রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে এবং জনগণের আস্থায় চিড় ধরে। একই সঙ্গে, গোয়েন্দা সংস্থাগুলোরও উচিত তাদের অনুসন্ধান যতটা সম্ভব নিরপেক্ষ ও পেশাদারভাবে চালানো, যাতে অহেতুক আতঙ্ক বা বিভ্রান্তির সৃষ্টি না হয়।
বর্তমান সময়ের রাজনীতিতে জনগণের আস্থা অর্জন ও ধরে রাখা বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে যেকোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে হবে স্বচ্ছ, যৌক্তিক ও জনগণের জবাবদিহিতার আওতাভুক্ত। এনসিপি নেতাদের এই সফর রাজনৈতিক কোনো সংকেত বহন করে কি না, তা সময়ই বলে দেবে। তবে একথা স্পষ্ট—এই সফর কেবল একটি ‘ব্যক্তিগত সফর’ হিসেবে জনগণের চোখে ধরা দিচ্ছে না।
সবচেয়ে বড় প্রশ্ন এখন—এই সফরের পেছনে সত্যিই কী আছে?
এই প্রশ্নের উত্তর পাওয়া গেলে হয়তো স্পষ্ট হবে, কক্সবাজার সফর ছিল নিছক কাকতালীয়, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মোড়ের ইঙ্গিত।
— মোহাম্মদ মহসীন, প্রধান সম্পাদক







