ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম আলোচিত আসন ঢাকা-৮ (মতিঝিল-শাহজাহানপুর)। এই আসনের ভোট গণনা শেষে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ফলাফল ঘোষণায় গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
‘ইঁদুর-বিড়াল খেলা চলবে কেন?’
সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান কড়া ভাষায় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের সমালোচনা করেন। তিনি বলেন, “কিছু কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলবে কেন? ঢাকা-৮ আসনের ফলাফল এখনও ঝুলে থাকবে কেন? সেখানে কী হচ্ছে, এটা আপনারা সাংবাদিকরা জানেন।”
তিনি আরও যোগ করেন, “এই ধরনের গড়িমসি সুস্থ ধারার রাজনীতি বহন করে না। বিষয়গুলো অত্যন্ত উদ্বেগের। আমরা এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেব।”
নাসীরুদ্দীন পাটওয়ারীর এগিয়ে থাকার খবর
উল্লেখ্য, এই আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী প্রাথমিক ট্রেন্ডে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের চেয়ে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। এনসিপি শিবিরের দাবি, ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে দেখেই চূড়ান্ত ঘোষণা দিতে দেরি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের বার্তা
জামায়াত আমির স্পষ্ট করে বলেন, জাতি একটি স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে। কোনো নির্দিষ্ট প্রার্থীর স্বার্থ রক্ষায় ফলাফল আটকে রাখা হলে তা মেনে নেওয়া হবে না। তিনি নির্বাচন কমিশনকে দ্রুত এবং নির্ভুল ফলাফল প্রকাশের আহ্বান জানান।







