রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করে জনগণের জন্য স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অধীন রমনা মডেল থানা পরিদর্শনের সময় তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসার এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন। পাশাপাশি তাদের কর্মপরিস্থিতি, চ্যালেঞ্জ ও সমস্যার বিষয়েও খোঁজখবর নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জনে সেবার মান উন্নয়ন অত্যন্ত জরুরি।
তিনি স্পষ্ট করে বলেন, “জনগণের সেবা নিশ্চিত করতে থানাগুলোকে দালালমুক্ত ও সুশৃঙ্খল রাখতে হবে।”
এ সময় দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এই নির্দেশনাকে আইনশৃঙ্খলা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।










