Home কর্পোরেট ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএ-র

১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএ-র

169
0
দেশের সব টেক্সটাইল মিল বন্ধের

সঙ্কট নিরসনে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ না থাকার অভিযোগ তুলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এই কঠোর সিদ্ধান্ত জানান।

আর্থিক বিপর্যয়ের মুখে টেক্সটাইল খাত

সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি মিল মালিকদের চরম আর্থিক দুরবস্থার কথা তুলে ধরে বলেন, “আগামী ১ তারিখ থেকেই ফ্যাক্টরি বন্ধ থাকবে। আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি কারণ আমাদের বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের কিস্তি পরিশোধ করার কোনো সক্ষমতা নেই।”

তিনি আরও বলেন, মালিকদের পুঁজি বর্তমানে অর্ধেকে নেমে এসেছে। পরিস্থিতির অবনতি এতটাই হয়েছে যে, মিলের সমস্ত সম্পত্তি বিক্রি করলেও ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না।

সরকারি সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতা

সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ করেন শওকত আজিজ রাসেল। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরের কাছে গিয়েছি। কিন্তু সমাধানের বদলে কেবল দায়িত্ব এড়ানোর (পিলো পাসিং) সংস্কৃতি দেখা যাচ্ছে।”