ভূমিকম্পের সময় দেয়াল ধসে রূপগঞ্জে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় ফাতেমা নামের এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম এবং তাদের প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় ভূমিকম্পে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় মা কুলসুম বেগম তার সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে প্রতিবেশী জেসমিন বেগমের সাথে ভুলতা গাউছিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কের পাশে অবস্থিত একটি দেয়াল হঠাৎ বিকট শব্দে ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নবজাতক ফাতেমার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে দেয়ালের ধ্বংসস্তূপ সরিয়ে শিশুর মরদেহ উদ্ধার করেন। আহত কুলসুম বেগম ও জেসমিন বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “ভূমিকম্পের ঝাঁকুনিতে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা ও এক প্রতিবেশী নারী আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।
সূত্রঃ ইত্তেফাক








