Home দুর্নীতি ফ্লাইট এক্সপার্ট: গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও

ফ্লাইট এক্সপার্ট: গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও

304
0
ফ্লাইট এক্সপার্ট

বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফরম ‘ফ্লাইট এক্সপার্ট’। তাদের অফিস বন্ধ পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট হারিয়ে গেছে।

বহু এজেন্সি ফ্লাইট এক্সপার্টে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। এমনকি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ দেশত্যাগ করেছেন- এমন গুঞ্জনও ছড়িয়েছে।

এ খবর চাউর হওয়ার পর কোম্পানিটির যুক্ত গ্রাহক ও টিকেট বিক্রেতা এজেন্সি মালিক, যারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন, তারা মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে এসে ভিড় করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ফ্লাইট এক্সপার্টের যিনি এমডি, সম্ভবত অফিসে আসছেন না; আত্মগোপনে চলে গেছেন। শুনতে পাচ্ছি যে বিদেশ চলে গেছেন। যারা ভুক্তভোগী তারা সবাই এসে অফিসে ভিড় জমিয়েছিলেন। তবে এখন কোনো বিশৃঙ্খলা নেই।

ওসি মেজবাহ উদ্দিন বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি; আমরা খোঁজ-খবর নিচ্ছি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি; অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মতিঝিল থানায় ফ্লাইট এক্সপার্টের হেড অব কমার্শিয়াল সাঈদ আহমেদ একটি জিডি করেছেন বলে জানান ওসি।

জিডিতে তিনি অভিযোগ করেন, ব্যবস্থাপনা পরিচালক সালমান শনিবার কাউকে কিছু না জানিয়ে পরিবারসহ বিদেশে ‘পালিয়ে’ যান। তিনি কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোম্পানি বন্ধের কথাও জানিয়েছেন।

এ বিষয়ে জানতে সালমান বিন রশিদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য,২০১৭ সালের মার্চ থেকে ফ্লাইট এক্সপার্ট কার্যক্রম শুরু করে বাংলাদেশে। তারা দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকেট বুকিং, হোটেল রিজারভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো সেবা দিতো। সাশ্রয়ী মূল্যে টিকেট বুক করার সুবিধা দেওয়ায় এটি গ্রাহকদের কাছে বেশ পরিচিতি পায়।

সূত্রঃ ইত্তেফাক