ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী-বিএনপি একই চরিত্রের।
এদের কথা ও কাজ একই ধারার। দেশের জালেমের পরিবর্তন হয়েছে কিন্তু জুলুমের পরিবর্তন হয় নাই। শপথ ছাড়াই চেয়ার দখল করা, বিচারকদের ওপরে চাপ প্রয়োগ করার কাজও হচ্ছে। একই অপরাধের কারণে আওয়ামী লীগ দোষী হলে বিএনপিও দোষী হবে।
রোববার (২২ জুন) লালমনিরহাটের কালেক্টর মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর বলেন, দেশের নেতারা অপরাধ করলে তাকে শাস্তি দেয়া হয় না বরং তাকে ফুলের মালা দেয়া হয়। খারাপ উৎস থেকে ভালো কিছু আসা করা যায় না। বাংলাদেশের একটা শ্রেণী পরিনতি দেখে শিক্ষা নেয় নাই। আওয়ামী লীগ যা যা করে দেশ ছাড়া হয়েছে এখনো অনেকেই তা করছেন। বিএনপির কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় আমাদের ব্যাপারে কথা বলেন। এরা জিয়াউর রহমানের নীতি-আদর্শ ও কর্মকৌশল জানে না।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, পুজিবাদী অর্থনীতি মানুষকে মুক্তি দিতে পারে না। তারা ধনীকে ধনী বানায় আর গরীবকে গরীব বানায়। আর ইসলাম গরীবকে ধনী বানায়; ধনীদের মধ্যে ভারসাম্য আনে। বর্তমান অর্থনীতি বৈষম্য তৈরি করে। গত ষোল বছরে ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো গরীবদের।
আমার আপনার প্রতিটি অর্থনৈতিক লেনদেনের ওপরে ট্যাক্স ও ভ্যাট কাটা হয়। সকল টাকা আমাদের। সেই টাকাগুলোই ওরা পাচার করে, এই টাকার ওপরে ওরা মাস্তানি করে।
কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রক্ত ও ঘামেই দেশ গড়ে ওঠে। রেমিটেন্স যোদ্ধাদের অধিকাংশই মেহনতি মানুষ। অথচ তাদের কোন গুরুত্ব নাই। বাংলাদেশে ক্ষুধার অভাবে মানুষ আত্মহত্যা করেছে। অথচ আমাদের সম্পদের অভাব নাই।















